পাবনার সুজানগর উপজেলায় এক ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আহমেদপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের আমিনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সুপ্রভাত মদক (৩৮) নামে ওই ব্যক্তির বাড়ি আমিনপুর এলাকায়। তার বাবার নাম সত্যচরণ মদক। সুপ্রভাতের বাড়ি থেকে প্রায় ৫০০ ফুট দূরে তার মরদেহ পাওয়া যায়। তিনি পেশায় ব্যবসায়ী, কাশিনাথপুর বাজারে তার মিষ্টির দোকান রয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহী জানান, গতকাল বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
‘বিকেলে তিনি স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে বের হয়ে তিনি ভ্যানে তার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে দোকানের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সুপ্রভাত মদকের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, তার পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য নানা জায়গায় খোঁজ করেন।
‘আজ সকালে স্থানীয় লোকজন খেতে কাজে যাওয়ার সময় ঝলসানো মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুপ্রভাতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন,’ বলেন ফজলে এলাহী।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে নাকি অন্য উপায়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফজলে এলাহী বলেন, কারও সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল এমন তথ্য জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
