Sunday, June 14, 2026
Homeবাংলাদেশবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৩০) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক-সি এলাকার বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোজাম্মেল বলেন, ‘তদন্তের জন্য ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ওই বাগানে খালেক শ্রমিকের কাজ করার সময় হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। রেজু আমতলী বিওপির অধীন সীমান্ত পিলার ৪০-এর পশ্চিমে বাংলাদেশের প্রায় ৭০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে খালেকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পায়েও গুরুতর আঘাত লাগে।

সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, বাগানটি একই ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকার বাসিন্দা শাহ আলমের।

Most Popular