Friday, July 3, 2026
Homeবিদেশফ্রান্সে তাপপ্রবাহে ২ হাজার ২৫ জনের মৃত্যু

ফ্রান্সে তাপপ্রবাহে ২ হাজার ২৫ জনের মৃত্যু

জুনে ইউরোপজুড়ে রেকর্ড গড়া তাপপ্রবাহের শেষ সপ্তাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দেশটির জনস্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জুনের শেষ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর মধ্যে শুধু প্যারিস অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬২ শতাংশ।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত মৃত্যুর চেয়ে কম। চূড়ান্ত মৃত্যুর সংখ্যা প্রাথমিক হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

তাপপ্রবাহে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ু জানান, ১৮ জুন থেকে এ পর্যন্ত পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ জুন দেশব্যাপী গড় তাপমাত্রার হিসাবে ফ্রান্সে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়। সেদিন প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পরিস্থিতির কারণে দেশের অর্ধেক এলাকায় ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়েছিল।

এদিকে, আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েক দিনে ইউরোপজুড়ে আরও চরম তাপমাত্রা দেখা দিতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই তাপমাত্রা বাড়ছে। তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইউরোপে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ায় ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এর ফলে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে, পানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়ছে এবং দাবানলের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, তাপপ্রবাহে বেলজিয়ামে অতিরিক্ত ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩৯ শতাংশ বেশি। মৃতদের প্রায় অর্ধেকের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহের সময় মৃত্যুর এ সংখ্যা ছিল ‘নজিরবিহীন’।

অন্যদিকে, নেদারল্যান্ডসে গত সপ্তাহে তাপপ্রবাহে অতিরিক্ত প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছর বা তার বেশি।

দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

নেদারল্যান্ডসে আগামী সপ্তাহে অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও ইউরোপের অন্যান্য অঞ্চলে সপ্তাহের শেষ দিকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Most Popular