Saturday, July 11, 2026
Homeখেলাপেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

চলমান বিশ্বকাপে ৮ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে সংখ্যাটা সহজেই হতে পারত ১০, যদি না অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করতেন মেসি। তবে কোচ স্কালোনি বলছেন, পরবর্তী ম্যাচে যদি আর্জেন্টিনা কোনো পেনাল্টি পায়, সেটি মেসি নেবেন না কি অন্য কেউ, সেই সিদ্ধান্ত নেয়ার ভার তিনি মেসির উপরেই ছেড়ে দিয়েছেন।  

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অধিকারী মেসি। পেনাল্টি শুটআউট বাদ দিলে বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি মিস করেননি আর কোনো ফুটবলার। বিশ্বকাপে মোট ৮ বার পেনাল্টি নিয়ে সমান ৪ বার করে গোল ও মিস করেছেন মেসি। 

তবুও আর্জেন্টিনা কোচ স্কালোনি বলছেন, পেনাল্টির ব্যাপারে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত, ‘এটা একবারের জন্যও আমার মনে আসেনি যে আমি মেসিকে গিয়ে পেনাল্টি না নেয়ার জন্য বলব। সে যা চায় তাই সে করতে পারে। মেসি ছাড়াও পেনাল্টি নেয়ার মতো ফুটবলার আমাদের আছে, তবে মেসি যদি চায় তাহলে সে নিজেই পেনাল্টি নেবে। আর যদি নিতে না চায়, সেটিও তার সিদ্ধান্ত। মাঠে যেকোনো কিছু করার স্বাধীনতা তার আছে’। 

ফুটবলের নানাবিধ পরিসংখ্যান নিয়ে কাজ করার ব্যাপারে জনপ্রিয় ওয়েবসাইট অপ্টা। সেই অপ্টার বিশ্লেষণ বলছে, পেনাল্টি নেয়ার সফলতার হার বিবেচনায় আর্জেন্টিনা দলে মেসির চেয়ে কার্যকরী ফুটবলার আছেন আরও পাঁচ জন। যদিও তাদের কেউই মেসির মতো এত সংখ্যক পেনাল্টি নেননি তাদের ক্যারিয়ারে। 

অপ্টা জানাচ্ছে, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মেসি ১৪৮টি পেনাল্টি নিয়ে ১১৪টিকে গোলে রূপান্তর করতে পেরেছেন। অর্থাৎ পেনাল্টি থেকে গোলের ব্যাপারে মেসির সাফল্যের হার ৭৭ শতাংশ। কিন্তু বিশ্বকাপে এই হার নেমে এসেছে ৫০ শতাংশে! 

ক্যারিয়ারে অন্তত ১০ বার পেনাল্টি থেকে গোল করেছেন এমন ফুটবলারদের মধ্যে মেসির পাঁচ সতীর্থের সাফল্যের হার তার চেয়ে বেশি। শীর্ষে আছেন গত ম্যাচে দারুণ ইন্টারসেপশন করে আর্জেন্টিনাকে বাঁচানো মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ১৪ বার পেনাল্টি নিয়ে ১৩ বারই গোলে পরিণত করেছেন তিনি। প্রিমিয়ার লিগে খেলা দুই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি রেকর্ডও বেশ ভালো। দুজনেই ১২ বার করে পেনাল্টি নিয়ে মিস করেছেন মাত্র ১ বার। 

জুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেজের পেনাল্টি রেকর্ডও ভালো। আলভারেজ ১৯ বার পেনাল্টি নিয়ে মিস করেছেন মাত্র দুবার, আর গঞ্জালেজ ১৭ বারের মধ্যে মিস করেছেন তিনবার। 

 

Most Popular