Saturday, July 11, 2026
Homeবাংলাদেশপলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিভিন্ন দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, পলাতকদের ফিরিয়ে এনে দেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে।

আজ শনিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিচার শেষ হয়েছে ও তার সাজা হয়েছে। এছাড়া আরও অনেক স্বৈরাচারেরও সাজা হয়েছে। যারা পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন ও সাজা কার্যকরের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সেই কার্যক্রম এখনো চলমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্বাধীনতার পর এবারই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের বাজেট নারীবান্ধব। নারী শিক্ষাকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে। সে জন্য বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃকামরুজ্জামান রতন, পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন প্রমুখ।
 

Most Popular