Friday, August 21, 2026
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, অভিযোগ ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, অভিযোগ ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বুলবুল আহমেদ (৩৫) শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

বন্দরের সালেহনগর অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। এই মামলার জেরেই আজ সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর হামলা চালান সিফাত ও তার বাহিনীর সদস্যরা।

‘পরে আহত বুলবুলকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, বলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’ শাহী মসজিদ এলাকার শেখ শাহীনের ছেলে।

এ বিষয়ে জানতে শেখ সিফাতের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

ওসি জামাল উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন নিহতের পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Most Popular