Sunday, October 4, 2026
Homeবাংলাদেশদেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা

দেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা

ঝলমলে শাড়ি আর অলংকারে সেজেছেন দেবী দুর্গা—প্রথম দেখায় এমনটা মনে হলেও একটু কাছে গেলেই বদলে যাবে ধারণা। শাড়ির কুঁচি থেকে অলংকার, সবখানেই সারি সারি বারুদহীন দেশলাই কাঠি। এর ফাঁকে জড়িয়ে আছে রেশমি সুতা।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুরে এবার এমন ব্যতিক্রমী আয়োজনে প্রস্তুত হচ্ছে দুর্গাপ্রতিমা।

সরেজমিনে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর নিপুণ হাতে বসানো হয়েছে দেশলাই কাঠি। ঝুঁকি এড়াতে কাঠির মাথা থেকে তুলে ফেলা হয়েছে বারুদ। কোথাও আবার কাঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রেশমি সুতা। এরপর এমনভাবে রঙের প্রলেপ দেওয়া হয়েছে, দূর থেকে তাকালে মনে হয়—ঝলমলে শাড়ি আর অলংকার পরেছেন শক্তির দেবী দুর্গা।

পূজা শুরু হওয়ার আগেই প্রতিমা দেখতে মণ্ডপটিতে ভিড় করছেন মানুষ।

বন্ধুদের সঙ্গে প্রতিমা দেখতে আসা শিক্ষার্থী অনুপা ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সত্যিই প্রতিমাটি অন্যরকম। দেখলে চোখ ফেরানো যায় না। অপূর্ব ও নান্দনিক লেগেছে।’

প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, প্রতিবছরই নতুন ও আকর্ষণীয় প্রতিমা তৈরির চেষ্টা করেন তিনি। কয়েক বছর আগে কলকাতায় এমন ব্যতিক্রমী প্রতিমা দেখেছিলেন। সেখান থেকেই এ কাজের ভাবনা আসে তার। এবার ব্রহ্মরাজপুর মণ্ডপে সুযোগ পেয়ে দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির কাজটি করেন।

তিনি বলেন, ‘প্রায় আড়াই মাস ধরে তিন সহযোগীকে নিয়ে প্রতিমাটি তৈরির কাজ করেছি। গতকাল শনিবার শেষ হয়েছে রঙের কাজ।’

নবদ্বীপ সরকার জানান, এ কাজের জন্য দেড় লাখ টাকার চুক্তি হয়েছিল তাদের। এই পারিশ্রমিক তুলনামূলক কম হলেও নতুন কিছু করার আগ্রহ থেকে কাজটি করেছেন।

ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির উপদেষ্টা কানাইলাল সাহা বলেন, ‘গত বছর একশ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলেন তারা। সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছিলেন প্রতিমা দেখতে। সেই সাড়া থেকেই এবার আরও আকর্ষণীয় কিছু করার চিন্তা আসে।’

কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌতম ঘোষ বলেন, ‘পূজার অন্যান্য খরচসহ এবার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।’

সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

‘পূজা শুরুর একদিন আগে থেকেই স্থানীয় স্বেচ্ছাসেবকরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। কমিটির পক্ষ থেকে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে,’ বলেন গৌতম ঘোষ।

Most Popular