বান্দরবানের থানচি উপজেলার একটি দুর্গম এলাকায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ওই ব্যক্তির নাম জৌথান বম (৫৫)। তিনি থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন একটি আস্তানা লক্ষ্য করে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে থাকা সশস্ত্র দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ সময় সন্দেহভাজন সশস্ত্র সদস্যরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে ও আশপাশে তল্লাশি অভিযান চালান।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় জৌথানকে শেরকার পাড়া থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সকালে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
থানচি থানার ওসি কানন সরকার বলেন, সশস্ত্র কেএনএফ সদস্য সন্দেহে সেনাবাহিনী জৌথান বমকে আটক করে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে তোলা হয়েছে।
