Sunday, June 14, 2026
Homeবাংলাদেশত্বকী হত্যা: আজমেরীর গাড়িচালক জামশেদ ২ দিনের রিমান্ডে

ত্বকী হত্যা: আজমেরীর গাড়িচালক জামশেদ ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৪ জুন আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে র‌্যাব। পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। তবে তিন কার্যদিবসের মধ্যে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ব্যর্থ হলে র‌্যাব আবারও আবেদন করে। আজ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে (৩৮) গ্রেপ্তার করে র‌্যাব। একইদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পায় র‌্যাব।

২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে অপহরণ করা হয় ১৭ বছর বয়সী ত্বকীকে। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি।

মামলার অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান ও তাদের সহযোগীরা মিলে ত্বকীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে।

ত্বকী হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা না দেওয়ায় বিচারকাজ শুরু হয়নি।

গত ১ জুন এ মামলার ১০৪তম তারিখ ছিল। ওইদিন আদালত র‌্যাবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু।

তিনি বলেন, এর আগে কয়েক দফায় আদালত দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য তাগিদ দিলেও তদন্তকারী সংস্থা প্রতিবারই আবেদন করে সময় বাড়িয়ে নেয়।

Most Popular