Saturday, August 15, 2026
Homeখেলাতিন দিনে টেস্ট শেষ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কামিন্স

তিন দিনে টেস্ট শেষ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কামিন্স

‘কী মনে হয় এটা কি তিন দিনের টেস্ট হতে চলেছে?’ উত্তরে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স চেহারায় হাসির ঝিলিক রেখে বললেন, ‘কে বলতে পারে?’

ডারউইন টেস্ট আসলে কয়দিনে যেতে পারে, খেলার ফলের আগে এটা নিয়ে যেন কৌতূহল সবার। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই হয়তো ম্যাচের আয়ু খুব বেশি দেখছে না অস্ট্রেলিয়ান মিডিয়া। যদিও ডারউইনের উইকেট অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোর উইকেটের মতো এতটা পেসবান্ধব নয়। বরং এই ভেন্যুতে স্পিনারদেরও যথেষ্ট সহায়তা থাকে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে ব্যাট করার জন্যও বেশ আদর্শ হবে মারারার বাইশ গজ। তবে আদর্শ ব্যাটিং সারফেসেও তো অনেকবার বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে।

সবচেয়ে তরতাজা ঘটনাটি এই কদিন আগের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছেই ইনিংস ব্যবধানে হেরেছেন শান্তরা। ক্যাম্পবেল থমসন নামক ২২ পেরোনো তরুণ পেসারের তোপে মাত্র ৫৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে আবার ভোগান্তির কারণ ছিলেন অফ স্পিনার কোরি রকিচিওলি।

অজিদের পাইপলাইনের ক্রিকেটারদের সঙ্গে যখন বাংলাদেশের এই অবস্থা, মূল দলের বিপক্ষে চ্যালেঞ্জটা কঠিনই হওয়ার কথা।

তবে প্রতিপক্ষকে মোটেও হালকা করে দেখছেন না কামিন্স। বরং যথেষ্ট সমীহ করতে চান তিনি, ‘নিশ্চিত নই (বাংলাদেশের এই দলকে কীভাবে রেট করবেন), হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও কিছু জানাতে পারব। তবে হ্যাঁ, ওরা এমন একটি দল যাদের বিরুদ্ধে কোনো ‘আইসিসি’ ইভেন্টে নামলে বেশ নার্ভাস লাগতেই পারে, কারণ ওদের দলে কিছু বড় মাপের খেলোয়াড় আছে।’

 

Most Popular