Sunday, August 23, 2026
Homeখেলাতিন ‘ডাকে’ লিটনের দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফর

তিন ‘ডাকে’ লিটনের দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফর

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের শুরুটাই ছিল অনিশ্চয়তায় ঘেরা। কাফ মাসলের চোটে পড়ে প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে ছিলেন না। তবে পুনর্বাসনে নাটকীয় অগ্রগতিতে শেষ পর্যন্ত দলে ফেরেন লিটন দাস। দলও তাকে ঘিরে দেখেছিল বড় প্রত্যাশা। কিন্তু সেই আস্থা আর ভরসার প্রতিদান তো মিললেই না, উল্টো স্রেফ এক দুঃস্বপ্ন দিয়ে সফর শেষ করলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

লাল বলের ক্রিকেটে লিটন যে বাংলাদেশের অন্যতম বড় স্তম্ভ, তা নিয়ে সংশয় নেই বললেই চলে। একসময় টেস্ট র‍্যাংকিংয়েও উঠেছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা চূড়ায়। দলের চরম বিপদে বহুবার লোয়ার-মিডল অর্ডারে ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়েও তার ব্যাট হেসেছিল মোক্ষম সময়ে।

অথচ সেই লিটন অস্ট্রেলিয়ার মাটিতে তিন ইনিংসে করলেন স্রেফ তিনটি শূন্য—০, ০ এবং ০! তিনবারই তাকে আউট করলেন মিচেল স্টার্ক। 

টেস্টে দ্বিপাক্ষিক সিরিজে এক থেকে ছয় নম্বরের পজিশনের ব্যাটারদের মধ্যে কমপক্ষে তিন ইনিংস খেলেও রানের খাতা খুলতে না পারা ষষ্ঠ ব্যাটার লিটন।  আগের পাঁচ জন- ওয়েস্ট ইন্ডিজের জন গোডার্ড ও অগাস্টিন লোগি, ভারতের মহিন্দর অমরনাথ, শ্রীলঙ্কার অর্জুন রানাতুঙ্গা ও জিম্বাবুয়ের ওয়েসলি মাধভেরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টানা শূন্যতে লিটনই সবার উপরে। লিটনের চেয়ে বেশি টানা শূন্য আছে শুধু রুবেল হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের চারটি করে। তারা দুজনই মূলত বোলার।

ডারউইনে প্রথম টেস্টে মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১২ বলের স্থায়িত্বে ফিরেছিলেন সাজঘরে। তবে বাংলাদেশ ম্যাচটি ৯ উইকেটে জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন পড়েনি তার।

চলমান টেস্টের প্রথম ইনিংসেও দলের চরম বিপদে ক্রিজে এসেছিলেন। মাত্র ১০ রানে ৪ উইকেট হারানোর পর নেমে স্টার্কের বাউন্সারে স্লিপে বেঁচে গিয়েও লাভ হয়নি; ঠিক পরের বলেই ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউর শিকার হন।

দ্বিতীয় ইনিংসেও ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে দলকে টেনে তুলতে ব্যর্থ হন লিটন। এবারও তার সাজঘরের পথ রচনা করেন সেই স্টার্ক। ৫১ রানে ৪ উইকেট হারানোর পর নেমে রানের খাতা খুলতে আপ্রাণ চেষ্টা করেও সুবিধা করতে পারছিলেন না। লিটনের সেই দ্বিধাদ্বন্দ্ব টের পেয়ে তাসের টেক্কা স্টার্কের হাতেই বল তুলে দেন প্যাট কামিন্স। অধিনায়ককে হতাশ করেননি এই বাঁহাতি পেসার। ১০ বল খেলে শূন্য হাতে আবারও স্লিপে ক্যাচ দিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন লিটন।

লিটনের এমন বিদায়ে ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়ানোই এখন টাইগারদের জন্য মস্ত এক চ্যালেঞ্জ।

 

Most Popular