Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলশিক্ষার্থী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলশিক্ষার্থী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজের একদিন পর একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

তাদের ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে, অভিভাবকদের না জানিয়ে ঠাকুরগাঁওয়ের বাইরে ঘুরতে বের হয়েছিল তারা। গতকাল প্রথমে তারা দিনাজপুরে যায়। পরে সন্ধ্যায় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাসে ওঠে।

আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, জিডি হওয়ার পরপরই পুলিশ তাদের খোঁজ শুরু করে। একটি মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করা হলে সিলেট পুলিশকে জানানো হয়। পরে সিলেট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তারা পরিবারকে না জানিয়ে বের হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১০ মাস আগে উপজেলার এক কিশোরী গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়েছিল। তাই এই চার শিক্ষার্থীও একই ধরনের পাচারচক্রের শিকার হতে যাচ্ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপর গতরাতে নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

নিখোঁজ চারজনই উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির।

Most Popular