গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে ৮ হাজার ২৬ জনকে।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বাকি ৮ হাজার জনকে।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ নভেম্বর থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে হামলা চালায়।
এতে অভিযোগ করা হয়, হামলাকারীরা সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করে এবং একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে।
এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
এতে উল্লেখ করা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—একটি এলএমজি ও ১০০ রাউন্ড গুলি, আটটি চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস শেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি; একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিনি কোটি টাকা। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
