Saturday, August 22, 2026
Homeখেলাটস হেরে এবার ব্যাটিংয়ে নেমে প্রবল চাপে বাংলাদেশ

টস হেরে এবার ব্যাটিংয়ে নেমে প্রবল চাপে বাংলাদেশ

ডারউইনে টস জিতে আগে ফিল্ডিং পেয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরতে পেরেছিলো বাংলাদেশ। সেই টেস্ট হেরে টস জিতে এবার ভিন্ন সিদ্ধান্ত নিল তারা। ম্যাকাইয়ের উইকেটে আগে বোলিং করাই এবার জুতসই মনে হয়েছে স্বাগতিক দলের। সেটার প্রমাণই যেন দিচ্ছেন মিচেল স্টার্ক। শুরুতেই বাংলাদেশের টপ অর্ডার ছেঁটে ফেলেছেন তিনি। 

ম্যাকাইয়ের গ্রেট রিফ অ্যারেনার অভিষেক টেস্টে প্রথম বলেই সাদমান ইসলামকে স্লিপে ক্যাচ বানান স্টার্ক। নিজের পরের ওভারে পর পর দুই বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে দেন তিনি। ২ রানেই পড়ে যায় ৩ উইকেট। স্টার্ক সেখানেই না থেমে মুমিনুল হককেও তুলে  নেন। ১০ রানে পড়ে যায় বাংলাদেশের প্রথম ৪ উইকেট। 

এই টেস্টে একাদশে একটা বদল এনেছে বাংলাদেশ। ডানহাতি পেসার ইবাদত হোসেনের জায়গায় একাদশে এসেছেন চোট কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া আগের দিনই একাদশ জানিয়ে দিয়েছিলো। তাদের একাদশেও ছিলো একটাই বদল। প্রথম টেস্ট খেলা জ্যাক ওয়েদারল্ডকে বাদ দিয়ে দলটি খেলাচ্ছে ম্যাট রেনশোকে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। 

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মারশান লাবুশানে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জোশ হ্যাজলউড

Most Popular