Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশঝিনাইদহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যৌন নিপীড়নের অভিযোগে আজ মঙ্গলবার সকালে ওই শিক্ষককে স্থানীয়রা মারধর করে বিদ্যালয়ে অবরুদ্ধ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি কবির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত শিক্ষক মো. শাহ আলমকে হেফাজতে নেওয়ার পর দুপুরে শিক্ষার্থীর মায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, গতকাল সোমবার শাহ আলম চিরকুটে লিখে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের শৌচাগারে যেতে বলেন। চিরকুট পেয়ে মেয়েটি শৌচাগারে গেলে শিক্ষক যৌন নিপীড়ন করেন। মেয়েটি কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পিয়ার আলী বলেন, ‘ওই ছাত্রী গতকালকের ঘটনা স্কুলের অন্য কোনো শিক্ষককে না জানিয়ে বাড়ি চলে যায়। আজ সকালে অভিযুক্ত শিক্ষক স্কুলে এলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে আমাকে খবর দেয়। আমি দ্রুত স্কুলে গিয়ে ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসকে জানাই।’

ওসি কবির হোসেন বলেন, ‘মেয়েটির মা মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

Most Popular