Thursday, May 14, 2026
Homeমতামত‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মের শুটিংয়ের ফাঁকে তারকাদের আলাপচারিতা

‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মের শুটিংয়ের ফাঁকে তারকাদের আলাপচারিতা

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ির নাম আপনঘর। ওই বাড়িতে নাটক-সিনেমার শুটিং হয়ে আসছে অনেক দিন ধরে। সেদিন ছিল ঈদের একটি টেলিফিল্মের শুটিং। বড় বড় তারকারা শুটিং করছিলেন। তার মধ্যে অন্যতম একজন ফেরদৌসী মজুমদার।

শুটিং হাউজে পৌঁছার আগেই হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে পৌঁছে যাই সেখানে। ভেতরে ঢুকেই দেখতে পাই শুটিং চলছে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলায় পৌঁছাই।

ভেতরে অনেক মানুষ। বুঝতে পারি দৃশ্যধারণ চলছে। দূর থেকে উঁকি দিয়ে দেখতে পাই ক্যামেরার সামনে একটি চেয়ারে বসে আছেন ফেরদৌসী মজুমদার।

'জোহরা বেগমের ইচ্ছাপত্র’

আরেকটি চেয়ারে বসে আছেন মামুনুর রশীদ। মনিটরের সামনে বসে আছেন পরিচালক আরিফ খান। তার পাশে বসে আছেন তৌকীর আহমেদ। এই টেলিফিল্মটি তৌকীর আহমেদের লেখা।

পরিচালক দৃশ্য বুঝিয়ে দিলেন। কিছুটা সময় রিহার্সেল করে নেন ফেরদৌসী মজুমদার এবং মামুনুর রশীদ। পরিচালক বললেন, ‘এবার শুরু করি তাহলে?’

ফেরদৌসী মজুমদার বললেন, ‘ঠিক আছে। আমি রেডি।’ মামুনুর রশীদ হাসলেন।

মুগব

অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে সংলাপ শুরু করেন ফেরদৌসী মজুমদার। বড় একটি সংলাপ টানা বলে যান। শেষে গিয়ে আটকে যান। দ্রুত প্রোডাকশনের কেউ একজন পানি নিয়ে আসে। ফেরদৌসী মজুমদার বললেন, ‘সরি।’

পরিচালক আরিফ খান বললেন, ‘সমস্যা নেই।’ পাশ থেকে তৌকীর আহমেদ বললেন, ‘সুন্দর হয়েছে।’

ফের অ্যাকশন বলা মাত্রই ফেরদৌসী মজুমদার সংলাপ শুরু করেন চেয়ারে বসে। ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ান। তার সংলাপ শেষ হবার পরেই মামুনুর রশীদ সংলাপ শুরু করেন। চমৎকার একটি দৃশ্যের শুটিং শেষ হয়।

ইউনিটের সবাই হাততালি দেন। ফেরদৌসী মজুমদার বললেন, ‘ঠিকঠাক বলেছি তো?’ মামুনুর রশীদ বললেন, ‘অসাধারণ হয়েছে আপনার অভিনয়। এখনো এত এনার্জি নিয়ে কাজ করছেন ভাবতেই অবাক লাগছে।’

ওকে

ফেরদৌসী মজুমদার হাসলেন। সহকারি পরিচালক এবং আরও দুজন ছুটে এলেন ফেরদৌসী মজুমদারকে মেকআপরুমে নেবার জন্য। তিনি বললেন, ‘ধরতে হবে না, একাই যেতে পারব।’ তারপরও তারা সঙ্গে গেলেন।

মেকআপরুমে গিয়ে বসলেন ফেরদৌসী মজুমদার। ড্রয়িংরুমে বসলেন মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, পরিচালক।

মামুনুর রশীদ বললেন, ‘অনেক বছর পর ফেরদৌসী মজুমদারের সঙ্গে টিভি নাটকে অভিনয় করছি। ফেরদৌসী মজুমদারের স্মৃতি শক্তি অনেক প্রখর। এখনো দুর্দান্ত অভিনয় করছেন।’

ফেরদৌসী মজুমদার সম্পর্কে মামুনুর রশীদ আরো বলেন, ‘মঞ্চ, টিভি নাটক, বেতার, সবখানেই তিনি।

অভিনয়ের লিজেন্ড ফেরদৌসী মজুমদার। সেই পাকিস্তান আমলে টেলিভিশনের জন্য অরণ্যে একদা নামে একটি নাটক লিখেছিলাম, সেই নাটকে তিনি অভিনয় করেছিলেন। সংশপ্তক নাটকে তিনি দেশজুড়ে আলোচিত হয়েছেন হুরমতি চরিত্রে অভিনয় করে। মঞ্চে তার পায়ের আওয়াজ পাওয়া যায় দেখেছি। আরও দেখেছি।’

ফেরদৌসী মজুমদার

এতক্ষণে ফেরদৌসী মজুমদার পোশাক বদলে নেন। তিনি অভিনয় করছেন জোহরা চরিত্রে। টেলিফিল্মের নাম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’।

ফেরদৌসী মজুমদার বলেন, ‘সুন্দর পরিবেশে অভিনয় করছি। পরিচালক, সহশিল্পী, ইউনিটের সবাই খুব সহযোগিতা করছেন। চেনা মানুষগুলোর সঙ্গে অভিনয় করছি। তৌকীর আহমেদ আমার ভীষণ পছন্দের। তিনি এটি লিখেছেন।’

ফেরদৌসী মজুমদার আরও বলেন, ‘জোহরা চরিত্রে অভিনয় করে তৃপ্তি পাচ্ছি। খুব ভালো একটি চরিত্র। অভিনয়ের সুযোগ আছে।’

আবারও ক্যামেরার সামনে গেলেন ফেরদৌসী মজুমদার। এবারের দৃশ্যটিতে তিনি একা অভিনয় করবেন। পরিচালক সেভাবেই বুঝিয়ে দেন। অ্যাকশন বলার আগে গুণী অভিনেত্রী স্ক্রিপ্টে চোখ বুলিয়ে নিচ্ছেন। চশমা ঠিক করে নিয়ে মন দিয়ে সংলাপ পড়ছেন। বাইরে তখন বৃষ্টি। মেঘের গর্জন হচ্ছে। বজ্রপাতও হচ্ছে। কেউ একজন বললেন, ‘আজ বৃষ্টি থামবে না?’

১

দৃশ্যটি রাতের। সেভাবেই ঘরটিকে সাজানো হয়েছে। লাইনম্যান সুন্দর করে রাতের পরিবেশ তৈরি করেছেন।
ফেরদৌসী মজুমদার বললেন, ‘রাতের দৃশ্য তাই তো?’ সহকারি পরিচালক পাশ থেকে বললেন, ‘জি ম্যাডাম।’

দশ-পনেরো মিনিট ফেরদৌসী মজুমদার দাঁড়ালেন। পরিচালক তার কাছে গিয়ে দাঁড়ানোর পজিশন দেখিয়ে দেন। নতুন এই দৃশ্যটি একটু অন্যরকম। কেননা, জোহরা বেগম একজন বিখ্যাত অভিনেত্রী, মঞ্চে কাজ করেছেন একসময়। সেই চরিত্রগুলো এখনো ভুলতে পারেননি। স্মৃতিকাতর হয়ে তিনি নিজ বাড়িতে মাঝে মাঝে স্বপ্নের ঘরে অভিনয় করেন। সেভাবেই তিনি অভিনয় করছেন।

অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ফেরদৌসী মজুমদার সংলাপ দেওয়া শুরু করলেন। অর্ধেক বলার পর ভুলে গেলেন। ইউনিটের কয়েকজন তাকে ধরে বসালেন চেয়ারে। কিছু সময় বিশ্রাম নেবার পর তিনি আবারও স্ক্রিপ্টে চোখ বুলিয়ে নেন এবং বললেন, ‘এবার যাওয়া যাক।’

শুরু হলো তার সংলাপ দেওয়া। এবার একবারেই বড় একটি দৃশ্যধারণের কাজ শেষ হলো। ইউনিটের সবাই আবারও হাততালি দিলেন। সবাই একবাক্যে বললেন, ‘অসাধারণ আপনার অভিনয়!’

১

ফেরদৌসী মজুমদার তৃপ্তির হাসি হাসলেন। লাঞ্চের বিরতি দেওয়া হলো। ইউনিটের কেউ একজন বললেন, ‘৩০ মিনিট পর আবারও শুটিং শুরু হবে।’

নিচতলায় এক এক করে সবাই খেতে এলেন। মামুনুর রশীদ, তৌকীর আহমেদ সহ কয়েকজন একসঙ্গে খেতে বসলেন। পরিচালক কথায় কথায় জানালেন, আফজাল ভাই রওনা দিয়েছেন।

খেতে বসে মামুনুর রশীদ বললেন, ‘তৌকীর, টেলিফিল্মটি কবে লিখেছ?’

তৌকীর আহমেদ বললেন, ‘আমেরিকায় বসে লিখেছি।’ এরপর মামুনুর রশীদ বললেন, ‘গল্পটা দুর্দান্ত।’

৪০ মিনিট পর শুটিং শুরু হলো। এখনো বৃষ্টি হচ্ছে। এবারের দৃশ্যের জন্য বলা হলো ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ ও তৌকীর আহমেদকে।

১

ফেরদৌসী মজুমদার এলেন। মামুনুর রশীদ ও তিনি চেয়ারে বসলেন। তৌকীর আহমেদ সংলাপ শুরু হলেই ঢুকবেন।

অ্যাকশন বলার পর ফেরদৌসী মজুমদার সংলাপ শুরু করলেন। মামুনুর রশীদের সঙ্গে জরুরি একটি বিষয় নিয়ে কথা বলছেন তিনি। এমন সময় তৌকীর আহমেদ ভেতরে এসে মায়ের কাছে সম্পত্তি ভাগের কথা বলেন। এমন কথা শুনে ফেরদৌসী মজুমদার রেগে যান।

তৃতীয়বারে দৃশ্যটি চূড়ান্ত হয় এবং বেশ সময় লেগে যায়। আরও কিছু সময় পর আফজাল হোসেন এলেন এবং তিনি মেকআপরুমে গিয়ে রেডি হলেন।

সন্ধ্যা হয়ে গেছে। আরেকটি দৃশ্যের জন্য ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন এবং তৌকীর আহমেদ ক্যামেরার সামনে দাঁড়ালেন। দৃশ্যটি চূড়ান্ত হতে অনেক সময় লাগল। পরিচালক যত্ন নিয়ে দৃশ্যটি শেষ করলেন।
এভাবে একটার পর একটা দৃশ্যধারণ চলতেই লাগল উত্তরার শুটিং হাউজে। ফের বিরতি দেওয়া হলো। মেকআপরুমে ফেরদৌসী মজুমদারের সঙ্গে গল্প জুড়ে দেন আফজাল হোসেন। এদিকে মামুনুর রশীদ চলে যাবেন, তিনি বিদায় নেন সবার কাছ থেকে।

ফেরদৌসী মজুমদার বললেন, ‘মামুন আপনি ভালো থাকবেন।’ মামুনুর রশীদ বললেন, ‘আপনিও ভালো থাকবেন।’

এদিকে ফেরদৌসী মজুমদার ও আফজাল হোসেন গল্প করতে করতে ছবি তুলতে লাগলেন। আফজাল হোসেন একসময় বললেন, ‘অসাধারণ অভিনয় করছেন আপনি। অভিনয়ের জীবন্ত কিংবদন্তি আপনি।’
 

Most Popular