Thursday, July 2, 2026
Homeবাংলাদেশজুরাইনে চায়ের দোকানে ঢুকে বাসচালককে কুপিয়ে হত্যা

জুরাইনে চায়ের দোকানে ঢুকে বাসচালককে কুপিয়ে হত্যা

রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।

নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। পেশায় বাসচালক কুদ্দুস পূর্ব জুরাইনের দারোগাবাড়ী রোডের ভাড়া বাসায় থাকতেন।

তিনি জানান, রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভেতর ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে।

এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে কুদ্দুসকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আব্দুল হাশেম বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে চায়ের দোকানে ঢুকে কুদ্দুস নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাত রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Most Popular