Tuesday, September 29, 2026
Homeবাংলাদেশজাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয় থেকে আটক ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতে দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে তাদের আটক করা হয়।

এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা কেন ঘটনাস্থলে এসেছিলেন, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামিরা আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।

গতকাল বিকেলে প্রতিনিধি সভা চলাকালে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় একদল লোক।

নয়নের দাবি, ওই সভায় অংশ নেওয়া কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাসদ কার্যালয় থেকে প্রায় ২৭৮ জনকে আটক করে।

পরিচয় যাচাই শেষে আজ অন্তত ২৫০ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

Most Popular