Monday, October 5, 2026
Homeখেলাছবিতে দেখুন আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচের আগে মেসির অনুশীলন

ছবিতে দেখুন আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচের আগে মেসির অনুশীলন

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলতে অনুশীলন শুরু করেছেন মহাতারকা লিওনেল মেসি। আগামী বুধবার বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচকে সামনে রেখে ইজেইজায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্যাম্পে যোগ দিয়েছেন আলবিসেলেস্তেদের অধিনায়ক।

গত শুক্রবার আর্জেন্টিনায় পৌঁছে আগের দুই দিন নিজের শহর রোসারিওতে কাটানোর পর বুয়েন্স এইরেসে পা রাখেন মেসি। এরপর কোচ লিওনেল স্কালোনির স্কোয়াডে যোগ দিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটির জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

পূর্বপরিকল্পনা অনুযায়ী বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের প্রীতি ম্যাচ দুটিতে খেলেননি ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমটিতে ৪-০ ও দ্বিতীয়টিতে ৭-০ গোলের বড় ব্যবধানে জেতে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া স্বাগতিক দল। অপেক্ষার পালা শেষে চলমান আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তৃতীয় ও শেষ প্রীতি ম্যাচে বুধবার ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামবেন মেসি।

জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলতে নামার আবেগঘন এই ম্যাচে বিশেষ একটি জার্সি গায়ে জড়াবেন মেসি। খেলা শেষে জার্সিটি ঠাঁই পাবে তার ব্যক্তিগত জাদুঘরে, যেখানে সাজানো রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ারের অসংখ্য শিরোপা ও ট্রফি। বিশেষ এই জার্সির নকশায় থাকবে দুটি চওড়া আকাশী-নীল স্ট্রাইপ ও মাঝখানে একটি সাদা স্ট্রাইপ, যার কেন্দ্রে থাকবে জাতীয় পতাকার সূর্য। তার নাম ও জার্সি নম্বরটি লেখা থাকবে সোনালি রঙে।

এরই মধ্যে এএফএর পোস্ট করা মেসির অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশ সময় সোমবার ভোরে কোচিং স্টাফদের অধীনে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল।

বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত অনুশীলন সারবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া, মেসি ও স্কালোনি দুজনই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Most Popular