Sunday, June 14, 2026
Homeবাংলাদেশচানখারপুলে ২ বাসের চাপায় যুবক নিহত

চানখারপুলে ২ বাসের চাপায় যুবক নিহত

রাজধানীর চানখারপুল এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জয়দেব (৪০) রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. মুছা গাজী দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেলে চানখাঁরপুল এলাকায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আর বলেন, স্থানীয়রা দুটি বাসই আটক করে রেখেছে।

জয়দেবের সহকর্মী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, সকালে আমরা শাহবাগ এলাকায় ছিলাম। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে তার বাসায় যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাসপাতালে এসেছি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

 

 

Most Popular