Wednesday, July 15, 2026
Homeবাংলাদেশচবি স্টেশনে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, ফুড কার্ট কর্মী আটক

চবি স্টেশনে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, ফুড কার্ট কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক ফুড কার্টের কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. শাহিন শেখের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থিত ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টের কর্মী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রী ক্লাস শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রাম রেলস্টেশনগামী শাটল ট্রেনে উঠছিলেন। এ সময় শাহিন অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেন এবং তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি দেখে উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে তাদের বক্তব্য শোনা হয়।

ভুক্তভোগীর সম্মতিতে রাত প্রায় ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। পরে ওই শিক্ষার্থী তার বিরুদ্ধে একটি মামলা করেন।

ভুক্তভোগী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি তার পরিচয় গোপন রাখারও অনুরোধ জানান।

প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী বলেন, অভিযোগ প্রমাণিত হলে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, সে বিষয়ে আমরা রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছি। মামলা হওয়ার পর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এ ঘটনা ঘটে। রাতেই মামলা হয়েছে। অভিযুক্তকে আজ আদালতে পাঠানো হবে।

 

 

Most Popular