Friday, October 2, 2026
Homeখেলাঘাস নেই, এবড়োখেবড়ো: মোহামেডানের জয় ছাপিয়ে কাঠগড়ায় চাঁদপুরের মাঠ

ঘাস নেই, এবড়োখেবড়ো: মোহামেডানের জয় ছাপিয়ে কাঠগড়ায় চাঁদপুরের মাঠ

চাঁদপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুমে নিজেদের অভিযান শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মাঠের বেহাল দশা।

এই স্টেডিয়ামের অবস্থা দৃশ্যতই খুব বাজে। মাঠের বেশ কিছু অংশে ঘাস নেই বললেই চলে। পাশাপাশি মাটি এবড়োখেবড়ো ও অসমান হওয়ার ফুটবলারদের চোট পাওয়ার শঙ্কাও ছিল। একটি পেশাদার ফুটবল ম্যাচের জন্য ব্যবহৃত মাঠের এমন হাল বাংলাদেশের শীর্ষ স্তরের ফুটবলে অংশ নেওয়া ক্লাবগুলোর সুযোগ-সুবিধার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ম্যাচজুড়েই স্বাভাবিক খেলা উপহার দিতে খেলোয়াড়দের বেশ সংগ্রাম করতে হয়েছে। বল নিয়ন্ত্রণ করা ও পাস দেওয়া কঠিন ছিল।

একটি পেশাদার লিগে এমন মাঠ থাকা প্রয়োজন, যেখানে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও সামর্থ্য দেখাতে পারেন। কিন্তু এই ধরনের নিম্নমানের মাঠ ফুটবলের ছন্দ ও সার্বিক মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

দুঃখজনক ব্যাপার হলো, এই পরিস্থিতি নতুন কিছু নয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মাঠের বেহাল দশা প্রায় একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অনুপযোগী মাঠের ক্রমাগত ব্যবহারের ফলে দক্ষ খেলোয়াড় তৈরি এবং ঘরোয়া প্রতিযোগিতার সার্বিক মানোন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ানোর শঙ্কা তৈরি করছে।

অথচ খেলার সুযোগ-সুবিধার মান অনিবার্যভাবেই ফুটবলের মানের সঙ্গে যুক্ত, যার প্রভাব পড়ে জাতীয় দলের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও।

এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেই নিজেদের নতুন আর্জেন্টাইন-স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার অধীনে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মোহামেডান। ম্যাচের ১৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় সাদা-কালোরা। উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফর মোজাফফরভের কর্নার কিক থেকে চমৎকার হেডে জাল কাঁপান জাহিদ হোসেন শান্ত।

পেশাদার লিগ শুরুর পর গত জানুয়ারিতে প্রথমবারের মতো মোহামেডানকে হারিয়েছিল ফকিরেরপুল। এবার সেই হারের বদলা নিয়ে ঘাম ঝরানো জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান।

Most Popular