Monday, July 6, 2026
Homeবাংলাদেশগোপালগঞ্জে স্কুলশিক্ষার্থী ধর্ষণ: ২ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে স্কুলশিক্ষার্থী ধর্ষণ: ২ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

তারা হলেন—কাশিয়ানী উপজেলার প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩১) ও অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস (৪৬)।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি উজ্জ্বলকে ১ লাখ ও কল্পনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণা সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা ওই শিক্ষার্থীকে নিজের বাসায় ডেকে আনেন। সেখানে আগে থেকে থাকা উজ্জ্বল তাকে ধর্ষণ করেন।

৬ অক্টোবর শিক্ষার্থীর মা গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উজ্জ্বল, কল্পনা ও উজ্জ্বলের বাবা প্রফুল্ল বিশ্বাসকে আসামি করে পিটিশন দায়ের করেন।

আদালতের নির্দেশে কাশিয়ানী থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। তদন্ত শেষে সম্পৃক্ততা না পাওয়ায় প্রফুল্ল বিশ্বাসকে অব্যাহতি দিয়ে ২০২১ সালের ৪ মার্চ উজ্জ্বল ও কল্পনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. তৌফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’

Most Popular