Thursday, July 2, 2026
Homeবাংলাদেশগাজীপুরে খোলা ড্রেনে পড়ে নারী নিহত, স্বজনের খোঁজ করছে পুলিশ

গাজীপুরে খোলা ড্রেনে পড়ে নারী নিহত, স্বজনের খোঁজ করছে পুলিশ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বজনদের খুঁজে বের করা চেষ্টা চলছে।

আজ সোমবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা আসদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বজনদের খোঁজ না মেলায় ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।’

এর আগে গতকাল সন্ধ্যায় ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ড্রেনে পড়ে ওই নারী প্রাণ হারান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ডেইলি স্টারকে জানান, নাজমা খাতুন সাতক্ষীরার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। গাজীপুরে নাজমার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বিআরটি প্রকল্পের একটি ড্রেনের স্ল্যাব তোলা ছিল। বিকেলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রেন বোঝা যাচ্ছিল না। নাজমা খোলা ড্রেনে পড়ে যান এবং প্রবল স্রোতে তলিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪০ মিনিট পর মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ পাওয়া যায়।

উল্লেখ্য, গত বছর ২৭ জুলাই রাতে গাজীপুরের টঙ্গীতেও একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হয়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

Most Popular