Tuesday, June 30, 2026
Homeখেলা‘কেবল রোনালদোকেই পাস দিতে বাধ্য নই’, বিস্ফোরক মন্তব্য পর্তুগাল সতীর্থের

‘কেবল রোনালদোকেই পাস দিতে বাধ্য নই’, বিস্ফোরক মন্তব্য পর্তুগাল সতীর্থের

কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর থেকে কম সমালোচনা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। বিশেষ করে সতীর্থদের থেকে বল না পেলে মাঠে রীতিমতো খুঁজেই পাওয়া যাচ্ছে না রোনালদোকে, এটি নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। বাকি দশজনের সাথে রোনালদোর রসায়নও যেন জমছে না খুব একটা। এবার রোনালদোরই পর্তুগাল সতীর্থ বলেছেন, মাঠে রোনালদোকে পাস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা তাদের উপর নেই। 

রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করেছেন ফ্রান্সেসকো কনসেইসাও। বার্তা সংস্থা এএফপিকে এই মিডফিল্ডার বলেছেন, ‘তাকে (রোনালদো) আলাদাভাবে বল পাস দেয়ার কোনো দরকার আমরা মনে করি না। যে খেলোয়াড় ওই মুহূর্তে সবচেয়ে সেরা পজিশনে এবং অরক্ষিত অবস্থায় থাকবে, আমি তাকেই বল পাস দেব’।  

ব্যক্তি রোনালদো নয়, বরং পর্তুগাল দলকে নিয়েই এই মুহূর্তে বেশি চিন্তিত কনসেইসাওরা, ‘বাকিদের মতো রোনালদোও স্রেফ স্কোয়াডের একজন সদস্য। সফল হতে হলে দলের সবাইকে এক হয়ে খেলতে হবে’। 

তবে রোনালদোর সমালোচনা নয়, বরং অকুণ্ঠ প্রশংসা করেছেন জুভেন্টাসে খেলা এই উইঙ্গার, ’৪১ বছর বয়সেও তার যে গোলের ক্ষুধা, এ কারণেই সে সবার কাছে একজন উদাহরণ। গোল করার ব্যাপারে তার চেয়ে সেরা কেউ নেই। আমাদের বাকি সবার মতো সে-ও পর্তুগালকে সাহায্য করতেই এখানে এসেছে’। 

কঙ্গো ম্যাচের হতাশা দূরে সরিয়ে উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান ২৩ বছর বয়সী এই তরুণ, ‘আমরা আগের দিন আমাদের কাজটা ঠিকভাবে করতে পারিনি। এই ম্যাচেও ভালো না খেললে চাপ ও সমালোচনা দুটোই আরও বাড়বে। পরের ম্যাচে আমরা আমাদের সক্ষমতা দেখিয়ে ম্যাচ জিততে চাই’। 

কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও মাত্র ২৫ বার বল স্পর্শ করতে পেরেছেন রোনালদো। কেবল গোলরক্ষক ডিয়োগো কস্তাই তার থেকে কম বার বল স্পর্শ করেছেন। ওই ম্যাচের পর ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অঁরি রোনালদোকে ‘স্বার্থপর’ বলেও সমালোচনা করেছেন।  

Most Popular