Monday, June 15, 2026
Homeখেলাকুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

বিশ্বকাপ ফুটবলের গোলদাতাদের সর্বকালীন তালিকায় ব্রাজিলকে সিংহাসনচ্যুত করল জার্মানি। রোববার নিজেদের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওকে পেয়ে ছেলেখেলায় মাতে জার্মানরা। প্রতিপক্ষের জালে ৭ গোল ঢুকিয়ে বিশ্বকাপ আসরে গোল দেওয়ায় এখন সবার ওপরে জার্মানরা।

এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ২৩৭ গোল নিয়ে চূড়ায় ছিল ব্রাজিল। ৫ গোল পিছিয়ে থেকে জার্মানির সংগ্রহ ছিল ২৩২। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে দেয় এক গোল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টপকে যেতে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের দরকার ছিল একটা উড়ন্ত সূচনা। মাঠের লড়াইয়ে ঠিক সেটাই করে দেখাল চারবারের চ্যাম্পিয়নরা। 

কুরাসাওয়ের জাল গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে নিজেদের মোট গোলসংখ্যাকে তারা নিয়ে গেছে ২৩৯-এ। ২৩৮ গোল নিয়ে ব্রাজিল এখন দ্বিতীয় স্থানে। আর ১৫২ গোল নিয়ে বেশ খানিকটা পিছিয়ে তিনে আছে আর্জেন্টিনা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির এই ৭-১ ব্যবধানের জয় ফুটবলপ্রেমীদের মনে ফিরিয়ে এনেছে এক যুগ আগের এক ঐতিহাসিক স্মৃতি। ঠিক ১২ বছর আগে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই একই ব্যবধানে স্বাগতিক ব্রাজিলকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল জার্মানরা; পরবর্তীতে উঁচিয়ে ধরেছিল সোনালী ট্রফিটাও।

বিশ্বকাপের মঞ্চে একেবারেই নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে লিড নেয় জার্মানি। চলতি আসরে এখন পর্যন্ত এটিই দ্রুততম গোল। তবে ম্যাচের ২১ মিনিটে স্তব্ধ হয়ে যায় গ্যালারির ৬৮ হাজারেরও বেশি দর্শক। সবাইকে চমকে দিয়ে লিভানো কোমেনেনসিয়া সমতা ফেরান, যা কুরাসাওয়ের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল।

অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে একদমই সময় নেয়নি জার্মানি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের গোলে আবার এগিয়ে যায় তারা। আর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে কাই হাভার্টজ জাল কাঁপালে ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে কুরাসাওয়ের রক্ষণভাগকে স্রেফ নাচিয়ে ছাড়েন জার্মান ফরোয়ার্ডরা। একে একে স্কোরবোর্ডে নাম তোলেন জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উন্দাভ। ম্যাচের শেষভাগে হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি করলে জার্মানির বড় জয় নিশ্চিত হয়।

ম্যাচে হারলেও কুরাসাওয়ের জন্য দিনটি ছিল রূপকথার মতো। আয়তন ও জনসংখ্যা—দুই দিক থেকেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড গড়েছে এই দ্বীপ রাষ্ট্রটি। পাশাপাশি দলটির ৭৮ বছর বয়সী অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোক্যাট বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন কীর্তি গড়েছেন। ঐতিহাসিক এই অর্জনে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত গ্যালারিতে উৎসবে মেতে ছিলেন কুরাসাওয়ের সমর্থকরা।

এখন পর্যন্ত ২১টি বিশ্বকাপে ১১৩টি ম্যাচ খেলে ২৩৯ গোল করল জার্মানি। অন্যদিকে ২৩টি আসরে ১১৫ ম্যাচ খেলা ব্রাজিলও খুব পিছিয়ে নেই। গ্রুপ ‘ই’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নামবে সেলেসাওরা। সেই ম্যাচে বড় জয় পেলেই আবার শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ আছে তাদের। অবশ্য মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করায় কিছুটা চাপে আছে ব্রাজিল, যেখানে দলের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচটি স্কটল্যান্ডের বিপক্ষে।

অন্য দিকে আগামী শনিবার আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে উড়তে থাকা জার্মানি, আর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।

 

Most Popular