Tuesday, June 30, 2026
Homeবাংলাদেশকবি আল মুজাহিদী মারা গেছেন

কবি আল মুজাহিদী মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন।

আজ শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবারের বরাতে কবি জাকির আবু জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর ১২টার দিকে হার্ট অ্যাটাক হলে আল মুজাহিদীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আবু জাফর আরও বলেন, আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আল মুজাহিদীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য আল মুজাহিদী একুশে পদক, জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, ‎কবি জসীমউদ্দীন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন।

দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

Most Popular