সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠে গেলেও আর্জেন্টিনার খেলায় ঘাটতি ছিল অনেক। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, প্রত্যাশামাফিক খেলতে পারেনি তার দল। তবু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পেরে খুশি স্কালোনি। টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার এই অর্জনকে ‘ঐতিহাসিক’ হিসেবেও আখ্যা দিয়েছেন স্কালোনি।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, তার দলের উন্নতির প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আজকে ভুগতে হয়েছে। আমরা জানতাম তারা শারীরিক ফুটবল খেলে অভ্যস্ত। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, এবং সেসব পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের কষ্ট করতে হয়েছে’।
ব্রিল এম্বোলোর লাল কার্ড তার দলের ভাগ্য খুলে দিয়েছে বলেও মেনে নিয়েছেন স্কালোনি, ‘ভাগ্য আমাদের পাশে ছিল। তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখলো, আর তখনই আমরা আক্রমণে যাওয়া শুরু করলাম। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। অনেক উন্নতি দরকার আমাদের। তবে শেষ পর্যন্ত জয়ের আনন্দ সবসময়ই বিশেষ’।
জয় পেতে কষ্ট হলেও খেলোয়াড়দের অর্জনে গর্বিত কোচ স্কালোনি, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। হ্যাঁ, আমরা আরও ভালো খেলতে পারতাম, তবে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারা অবশ্যই ঐতিহাসিক অর্জন’।
সেমিফাইনালে মেসিদের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড, তবে এখনই পরের ম্যাচ নিয়ে ভাবতে চাইছেন না স্কালোনি, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা দারুণ ফুটবল খেলছে এবং দারুণ একজন কোচও তাদের আছে। তবে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে দরকারি হলো এই ম্যাচের ধকল কাটিয়ে ওঠা’।
