Sunday, August 16, 2026
Homeবিনোদনএক দশক পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

এক দশক পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তার প্রত্যাবর্তনের ছবি ‘অধুরে হাম অধুরে তুম’, যা চলতি বছরের শেষ দিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানান, বহুদিন পর এমন একটি গল্পই তিনি খুঁজে পেয়েছেন, যা তার বর্তমান বয়স, জীবন ও মানসিক অবস্থার সঙ্গে সত্যিকার অর্থে মানিয়ে যায়।

তিনি বলেন, আমি নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছি। এটি গত ১০ বছরে আমার প্রথম সিনেমা। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ছবির নাম অধুরে হাম অধুরে তুম। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বছরের শেষ দিকে। সিনেমাটি পরিণত বয়সের রোমান্টিক কমেডি, আমার বর্তমান জীবনের সঙ্গে একেবারেই মানানসই।

ইমরানের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি ইচ্ছাকৃতভাবেই কোনো প্রচলিত বাণিজ্যিক সিনেমা দিয়ে ফিরতে চাননি। বরং এমন একটি গল্পের অপেক্ষায় ছিলেন, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রতিফলিত করে। একসময় তরুণদের প্রেম ও বেড়ে ওঠার গল্পে জনপ্রিয় হওয়া এই অভিনেতা এবার হাজির হচ্ছেন আরও পরিণত এক চরিত্রে।

নতুন সিনেমাতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদা। তার প্রশংসা করে ইমরান বলেন, আমি অসাধারণ একজন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদার সঙ্গে কাজ করেছি।

তবে সিনেমার গল্প সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। বরং নিজের দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার যাত্রাকেই গুরুত্ব দিয়েছেন।

দ্যানিশ আসলাম পরিচালিত অধুরে হাম অধুরে তুমে ইমরান খানের পাশাপাশি অভিনয় করেছেন ভূমি পেড়নেকার ও গুরফাতেহ পিরজাদা।
 

Most Popular