Monday, August 17, 2026
Homeখেলাইতিহাস গড়া সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ তানজিদের

ইতিহাস গড়া সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ তানজিদের

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি, নিজের ক্যারিয়ারেরও প্রথম। এমন ঐতিহাসিক মুহূর্তে তানজিদ হাসান তামিমের মনে পড়ল বাবা-মায়ের কথা। তাই জীবনের অন্যতম সেরা ইনিংসটি তাদের নামেই উৎসর্গ করেছেন তিনি।

ডারউনের মারারা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ১৯৭ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন তানজিদ। অজি অফ স্পিনার নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে ১৮৮ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন তিনি।

এই সেঞ্চুরি শুধু তানজিদের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারেরও প্রথম সেঞ্চুরি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন শাহরিয়ার নাফিস।

ঐতিহাসিক এই সেঞ্চুরির পর তানজিদের কাছে জানতে চাওয়া হয়, বিশেষ ইনিংসটি কাকে উৎসর্গ করতে চান। কোনো দ্বিধা না করে বাবা-মায়ের নামই বলেন তিনি, ‘এরকম মনে পড়ে নাই, তবে সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন এক পরীক্ষার ম্যাচে তানজিদের এই সেঞ্চুরি এসেছে দারুণ ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে। নতুন বলে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে বাড়তি ঝুঁকি না নিয়ে শট কম খেলেছেন তিনি। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন গুরুত্বপূর্ণ দুটি জুটি।

মুমিনুলের সঙ্গে ১০২ এবং শান্তর সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত তৈরি করেন তানজিদ। তার বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে দিনটা শেষ পর্যন্ত বাংলাদেশেরই হয়েছে।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে সফরকারীদের লিড এখন ১৫৩ রান। মিরাজ ও হাসান অপরাজিত থাকায় তৃতীয় দিনে আরও বড় লিডের আশায় মাঠে নামবে বাংলাদেশ।
 

Most Popular