স্বপ্ন ছিল আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলার। সেই স্বপ্নপূরণের পথে কিছুটা এগিয়েও গিয়েছিলেন কিকি রামোস। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছিলেন, খেলেছিলেন প্রীতি ম্যাচও। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। ঠিক তখনই জন্মভূমি হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব আসে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থাকলেও সুযোগটা হাতছাড়া করতে চাননি ১৭ বছর বয়সী এই ফুটবলার। শেষ পর্যন্ত হাইতির জার্সিতেই খেলেছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে হাইতি। দলের একমাত্র গোলটি করেছেন রামোস। কিন্তু তার গোলও হারের হাত থেকে বাঁচাতে পারেনি ক্যারিবীয় অঞ্চলের দেশটিকে। তিন ম্যাচের সব কটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপকে দেওয়া সাক্ষাৎকারে হাইতির হয়ে খেলার সিদ্ধান্তের কারণ জানিয়েছেন রামোস, ‘আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া খুব কঠিন মনে হচ্ছিল। এরপর হাইতির হয়ে খেলার প্রস্তাব আসে। সিদ্ধান্তটা কঠিন ছিল। কারণ, আমার স্বপ্ন সব সময়ই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা।’
তাহলে কেন হাইতিকে বেছে নিলেন? রামোসের ব্যাখ্যা, ‘কিন্তু এটা তো বিশ্বকাপ খেলার সুযোগ। আমার মনে হয়, এমন সুযোগ পেলে আমরা সবাই রাজি হতাম। তাই হাইতির হয়ে খেলতে চলে এসেছি।’
রামোসের জন্ম ২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে। তবে খুব ছোটবেলাতেই তার জীবনের গতিপথ বদলে যায়। আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। এরপর সেখানেই বেড়ে ওঠেন তিনি। ফুটবল শেখাও আর্জেন্টিনায়।
বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ডের যুব একাডেমির অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন রামোস। আক্রমণভাগে তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা নজর কেড়েছে কোচদের।
সেই পারফরম্যান্সের সুবাদেই চলতি বছরের জুনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন ক্যাম্পে ডাক পান রামোস। এরপর জুলাইয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে নামেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে গোল করার অভিজ্ঞতাও রয়েছে তার।
তবে বিশ্বকাপের দল গঠনের সময় পরিস্থিতি বদলে যায়। আর্জেন্টিনার চূড়ান্ত দলে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠছিল তার জন্য। অন্যদিকে হাইতি ফুটবল ফেডারেশন জন্মভূমির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেন রামোস। গত ৯ নভেম্বর হাইতি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তাকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দলে নেওয়ার ঘোষণা দেয়।
কাতারের বিশ্বকাপে অবশ্য ভালো করতে পারেনি হাইতি। গ্রুপ ‘ডি’তে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ৪-১ গোলে হারে তারা। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও হারতে হয় ২-১ ব্যবধানে। এই তিন ম্যাচে মোট তিন গোল করেছে হাইতি, হজম করেছে নয়টি। কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নিয়েছে দলটি।
দলের ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগতভাবে আলো কেড়েছেন রামোস। বিশেষ করে সৌদি আরবের বিপক্ষে শেষ ম্যাচে তার গোলটি ছিল দেখার মতো। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। যদিও সেই গোলের পরও জয়ের দেখা পায়নি হাইতি।
তবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট রামোস। তার কাছে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই ছিল বিশেষ কিছু। বলেন, ‘ফুটবল খেলা শুরু করা প্রতিটি শিশুর স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। তাই ফল যা-ই হোক, আমাকে এই সুযোগ দেওয়ায় আমি খুব খুশি।’
হাইতির হয়ে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিলেও আর্জেন্টিনার জন্য ভবিষ্যতের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি রামোসের। ফিফার জাতীয় দল পরিবর্তন সংক্রান্ত নিয়মের শর্ত পূরণ করতে পারলে পরবর্তী সময়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতে পারে তার।
সেই সম্ভাবনা সম্পর্কে রামোস নিজেও অবগত। তবে আপাতত এসব নিয়ে বেশি ভাবতে চান না। মনোযোগ দিতে চান নিজের ফুটবল ক্যারিয়ারে। রামোস বলেন, ‘আমি জানি, এখনো আর্জেন্টিনার সঙ্গে কথা বলার সুযোগ আছে। কিন্তু এসব নিয়ে ভাবার সময় নেই। মাঠে নামার সুযোগ পেলে দলকে সাহায্য করার জন্য নিজের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।’
