ফাইনালের টিকিটের লড়াইয়ে আর ঘণ্টা খানেক বাকি। আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় চমক জুলিয়ানো সিমিওনের অন্তর্ভুক্তি, অন্যদিকে শক্তিশালী একাদশই মাঠে নামাচ্ছে ইংল্যান্ড।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন প্রতিপক্ষকে মাথায় রেখে একাদশে পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত সেই পরিবর্তন এসেছে, তবে অনেকের ধারণার সঙ্গে মিলেনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে একমাত্র পরিবর্তন হিসেবে রদ্রিগো ডি পলের জায়গায় সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। শেষ মুহূর্ত পর্যন্ত নিকোলাস গনসালেসের নামই আলোচনায় ছিল। কিন্তু স্কালোনি আস্থা রেখেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের এই তরুণ উইঙ্গারের ওপর।
বিশ্বকাপে এটি সিমিওনের দ্বিতীয় শুরু। এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন তিনি। স্কালোনির দায়িত্বে এর আগে মাত্র ছয়বার শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন সিমিওনে।
ডান প্রান্তে খেলার অভিজ্ঞতা এবং রক্ষণে বাড়তি সহায়তা দিতে পারার সক্ষমতার কারণেই তাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
অন্যদিকে ইংল্যান্ড কোচ টমাস টুখেলও শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছেন। দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার রিস জেমস। আক্রমণভাগে যোগ করা হয়েছে মরগান রজার্সকে। তার সঙ্গে হ্যারি কেইনের পেছনে থাকছেন জুড বেলিংহ্যাম ও অ্যান্থনি গর্ডন।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস; আলেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, জুলিয়ানো সিমিওনে; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
ইংল্যান্ডের একাদশ
জর্ডান পিকফোর্ড; রিস জেমস, জন স্টোন্স, মার্ক গেহি, জেড স্পেন্স; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।
