বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলে ও মাঝি কয়েক মাস বন্দিদশায় থাকার পর দেশে ফিরেছেন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটির কাছে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের জেটিতে নিয়ে আসে।
জেটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, ফিরে আসা ৪১ জনের সবাই বাংলাদেশি নাগরিক।
তাজুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিভিন্ন সময়ে এই জেলেদের আটক করা হয়।
তিনি জানান, বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এখনো আটক থাকা অন্য জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, এই ৪১ জনসহ চলতি বছর আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া সর্বমোট ৩২৩ জেলেকে এখন পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফিরে আসা জেলেরা সাংবাদিকদের জানান, বন্দিদশায় থাকাকালে তাদের দিয়ে প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষি ও নির্মাণকাজে জোরপূর্বক কাজ করানো হতো। যারা কাজ করতে অস্বীকৃতি জানাতেন, তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো এবং দিনে তাদের মাত্র একবার খেতে দেওয়া হতো।
