জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেন। তবে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেননি।
মামলাটিতে ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর এ অভিযোগ দায়ের করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে এ অভিযোগগুলো আমলে নেন।
এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছিলেন।
