Sunday, August 16, 2026
Homeবাংলাদেশরাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনই একটি ডাকাত চক্রের সদস্য। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনে জানানো হবে।’

গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার সামনে ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বিমানবন্দর থানায় ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। 

মামলার এজাহার অনুযায়ী, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে গাড়ি থামায়। পরে ফিলিং স্টেশনটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনকে (৪৯) কুপিয়ে আহত করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

Most Popular