Sunday, August 16, 2026
Homeবাংলাদেশজবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ: নাহিদ

জবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গণসমাবেশে তিনি এ কথা বলে।

নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিই এর জন্য দায়ী। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম কমাতে না পারে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারার পরিস্থিতির পরিবর্তন না করতে পারে, তাহলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না।

তিনি বলেন, তারা (বিএনপি) বলছিল, এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম বাড়ে নাই। কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এ রকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে।  তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদ তুলে দিচ্ছে।

সরকার সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না অভিযোগ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ভারতের কাছ থেকে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এ দেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে। দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থার ওপর আঘাত এসেছে। আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে সেই জাতীয়তাবাদ দিয়ে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। 

Most Popular