Sunday, August 16, 2026
Homeবাংলাদেশরেললাইনের নাট-বল্টু খুলে বিক্রির চেষ্টা, কারাগারে রেলকর্মী

রেললাইনের নাট-বল্টু খুলে বিক্রির চেষ্টা, কারাগারে রেলকর্মী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে বিক্রির চেষ্টার অভিযোগে এক রেলকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া হুমায়ুন কবীর (৩৫) রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) ওয়েম্যান হিসেবে আখাউড়া রেলওয়ে জংশনে কর্মরত।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার একটি ভাঙারির দোকানে রেলওয়ের এসব মালামাল বিক্রি করার সময় তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেললাইনের কোথাও নাট-বল্টু, ফিসপ্লেট বা ক্লিপে সমস্যা হলে তা মেরামত করে রেল যোগাযোগ নিরাপদ রাখা ওয়েম্যানের দায়িত্ব।

নাম প্রকাশ না করার শর্তে আখাউড়া রেলওয়ের পথ বিভাগের এক প্রকৌশলী ডেইলি স্টারকে বলেন, রেললাইনের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে নেওয়া হলে লাইন দুর্বল হয়ে পড়ে ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। আখাউড়া-সিলেট রেলপথের বিভিন্ন অংশে এসব উপকরণ চুরির ঘটনায় রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি আগেও গণমাধ্যমে এসেছে।

ওসি আব্দুল কুদ্দুস বলেন, রেলওয়ের কর্মচারী হুমায়ুনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
 

Most Popular