Sunday, August 16, 2026
Homeবাংলাদেশস্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, স্ত্রীর কারাদণ্ড

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, স্ত্রীর কারাদণ্ড

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ২নং আদালতের বিচারক দোলন বিশ্বাস এই আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ২২ জানুয়ারি মো. আরিফুল ইসলাম রতনের সঙ্গে বিয়ে হয় মোসা. লাভলী আক্তারের। এর এক বছর পর ২০২২ সালের ১৫ মার্চ মানিকগঞ্জের সিংগাইর থানা আমলী আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন লাভলী। স্বামী রতনের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবি ও তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন লাভলী।

মামলায় বাদীসহ মোট ৩ জন আদালতে সাক্ষ্য দেন। শুনানিতে জানা যায়, যে সময়ে আসামি রতন যৌতুক দাবি ও স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ আনা হয়েছে, সে সময় তিনি বিদেশে ছিলেন। ঘটনার প্রায় ৭ মাস আগেই বিদেশে চলে যাওয়ার তথ্য-প্রমাণ ও নথি আদালতে জমা দেন রতন।

অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পান রতন। একইসঙ্গে মিথ্যা মামলা করায় বাদীকে ১০ দিনের কারাদণ্ড দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন কোহিনুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে অভিযোগের সত্যতা না পাওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৬ ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পিটিশন দাখিল করি আমরা।’

এর প্রেক্ষিতে আজ শুনানি শেষে লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেন আদালত।

অন্যদিকে বাদী পক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার বলেন, ‘আপিলের শর্তে জামিনের আবেদন করলে আদালত এক মাস সময় দেন এবং এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।’

Most Popular