Sunday, August 16, 2026
Homeবিনোদনসেলেনা গোমেজ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সেলেনা গোমেজ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন কয়েকজন বিনিয়োগকারী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার করা মামলায় পাঁচ বিনিয়োগকারী অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির সাফল্য ও এতে সেলেনা গোমেজের ভূমিকা সম্পর্কে তাঁদের বিভ্রান্ত করা হয়েছিল।

তাদের দাবি, ২০২২ সালে তারা প্রতিষ্ঠানটিতে মোট ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন।

২০২১ সালে ওয়ান্ডারমাইন্ড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা হিসেবে সেলেনা গোমেজের নাম ছিল। তিনি একই সঙ্গে চিফ ইমপ্যাক্ট কর্মকর্তা ও বিপণন বিভাগের প্রধানের দায়িত্বেও ছিলেন।

ওয়ান্ডারমাইন্ডের লক্ষ্য ছিল মানুষের মানসিক সুস্থতা নিয়ে কাজ করা। প্রতিষ্ঠানটি এমন কিছু সহজ উপায় দেওয়ার কথা বলেছিল, যা মানুষ প্রতিদিন নিজের মানসিক স্বাস্থ্যের যত্নে ব্যবহার করতে পারে।

মামলায় বিনিয়োগকারীরা দাবি করেছেন, সেলেনা গোমেজের জনপ্রিয়তা এবং বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীদের কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বড় হয়ে উঠবে—এই প্রত্যাশায় তারা অর্থ বিনিয়োগ করেছিলেন।

কিন্তু তাদের অভিযোগ, এরপর প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটি আর্থিক ও সাংগঠনিক সমস্যায় ধীরে ধীরে ভেঙে পড়লেও বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়নি।

মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের এমন কিছু সম্ভাব্য উদ্যোগের কথা জানানো হয়েছিল, যেগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

এর মধ্যে ছিল বড় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিজ্ঞাপনী চুক্তি, তারকাদের নিয়ে প্রচ্ছদ কাহিনী এবং একটি নতুন অ্যাপ তৈরির পরিকল্পনা।

কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, এসব অংশীদারত্ব বাস্তবে হয়নি, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়নি এবং অ্যাপটিও তৈরি করা হয়নি।

মামলায় আরও বলা হয়েছে, ২০২২ সালে ওয়ান্ডারমাইন্ডের মূল্য ৯ কোটি ৫০ লাখ ডলার বলে জানানো হয়েছিল।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন, তখন তাদের এমন ধারণা দেওয়া হয়েছিল যে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।

পরে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি গুরুতর সমস্যার মধ্যে রয়েছে।

গত বছর দ্য কাট পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ সমস্যাগুলো সম্পর্কে জানতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে প্রতিষ্ঠানটির ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাও উঠে এসেছিল।

সেলেনা গোমেজের আইনজীবী অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সেলেনা কোনো ধরনের প্রতারণা বা অন্য কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, এমন অভিযোগের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই।

তিনি আরও জানান, এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি লড়াই করবেন এবং মামলাটি খারিজের আবেদনও করবেন।

মামলায় সেলেনা গোমেজের মা, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও আসামি করা হয়েছে।
তারা বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনজীবীর খরচও দাবি করেছেন।

মামলায় আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। সেলেনার মা টিফি বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসন নাকি বিনিয়োগকারীদের অর্থের একটি অংশ নিউইয়র্কে নিজের বাসার ভাড়া দিতে ব্যবহার করেছিলেন। ওই ভাড়া মাসে প্রায় ৬০ হাজার ডলার ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

পিয়ারসন ২০২৩ সালে ওয়ান্ডারমাইন্ড থেকে চলে যান। তবে পিয়ারসন এই অভিযোগ অস্বীকার করেছেন।

Most Popular