Sunday, August 16, 2026
Homeবাংলাদেশবরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ঢাকায় মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ঢাকায় মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বাড়ির সামনে থাকা বোমা বিস্ফোরণে দগ্ধ হওয়ার ৯ দিন পর মারা গেছেন হনুফা বেগম।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা, তাদের মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পর আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

এই ঘটনায় হনুফার ছেলে জামাল হাওলাদার অজ্ঞাতনামাদের আসামি করে বাকেরগঞ্জ থানায় বিস্ফোরণ ও হত্যা চেষ্টা মামলা করেছেন।

এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি উল্লেখ করে ওসি আদিল বলেন, ‘ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, ‘হনুফা বেগমের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা আহতদের চিকিৎসা খরচ বহন করব।’
 

Most Popular