Saturday, August 15, 2026
Homeখেলাহেডকে থামাতে তাসকিনের একটাই মন্ত্র

হেডকে থামাতে তাসকিনের একটাই মন্ত্র

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ, আর প্রতিপক্ষও বিশ্ব ক্রিকেটের সেরা দল। এমন মঞ্চে বাংলাদেশের পেস আক্রমণের জন্য আরও বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারেন ট্রাভিস হেড। এই বিধ্বংসী ব্যাটারকে শুরুতেই থামাতে চান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে হেডকে নিয়ে আলাদা কোনো চমকপ্রদ পরিকল্পনা নয়, নিজের চেনা প্রক্রিয়াতেই আস্থা রাখছেন ডানহাতি এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে হেডকে নিয়ে কথা বলতে গিয়ে তাসকিন বুঝিয়ে দিয়েছেন, প্রতিপক্ষের ব্যাটিংয়ের সবচেয়ে বড় তারকাকে নিয়ে তিনি বাড়তি কোনো চাপ নিতে চান না। বরং নিজের শক্তির জায়গায় থেকেই হেডকে সামলানোর পরিকল্পনা তার।

হেডকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করে তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে এটা ব্যাট ও বলের খেলা। গত কয়েক বছর ধরে আমি যেভাবে নিজের প্রক্রিয়া অনুসরণ করে আসছি, এবারও সেটাই করব। এটা সহজ হবে না, তবে আমি নিজের প্রক্রিয়ায় থাকব এবং দেখি কী হয়।’

প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার জন্য তাসকিনের আলাদা একটি পরিচিতি আছে। নতুন বলে তার গতি, সুইং ও আগ্রাসী বোলিং যেকোনো ব্যাটারের জন্যই শুরুতে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। আর অস্ট্রেলিয়ার মাটিতে সেই অস্ত্র দিয়েই হেডকে চাপে ফেলার সুযোগ খুঁজবেন বাংলাদেশের এই পেসার।

তবে হেডকে বোলিং করার ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট পরিকল্পনাতেই আটকে থাকতে চান না তাসকিন। কন্ডিশন ও উইকেটের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলানোর কথাও জানিয়েছেন এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে হেডকে আটকাতে যে কৌশল দেখা গিয়েছিল, বিশেষ করে তাকে ফুল লেংথে বল করার প্রসঙ্গও উঠেছিল তাসকিনের সামনে। তবে সেটিকে সরাসরি অনুসরণ করার চেয়ে ম্যাচের পরিস্থিতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘বিশেষ কোনো দিন কন্ডিশন ও উইকেট কীভাবে আচরণ করছে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা অবশ্যই প্রতিটি ব্যাটারের জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামব। তবে সবকিছুই নির্ভর করবে মাঠে সেটি কতটা ভালোভাবে বাস্তবায়ন করতে পারছি তার ওপর।’

অর্থাৎ হেডকে আটকানোর জন্য শুধু পরিকল্পনা করলেই হবে না, মাঠে সেটির নিখুঁত বাস্তবায়নও জরুরি বলেই মনে করছেন তাসকিন। আর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বাংলাদেশকে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে বলে মনে করেন তিনি।
 

Most Popular