Monday, August 17, 2026
Homeবাংলাদেশবগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যাত্রীবাহী কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের কাছে শিবগঞ্জ রোড লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার উদ্দেশে জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। পাওয়ারকারসহ সামনের অংশের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ময়মনসিংহ ও ঢাকাগামী ট্রেন আটকা পড়েছে।

যাত্রীরা সবাই নিরাপদে আছেন, তবে ভোগান্তিতে পড়েছেন। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসছে, বলেন আকতার।

Most Popular