Monday, August 17, 2026
Homeবাংলাদেশঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার (ঢাকা আলিয়া মাদ্রাসা) আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার বিকেলের এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহফুজার রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিকেল সাড়ে ৪টার দিকে ডেইলি স্টারকে তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই ক্যাম্পাসের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় দুপক্ষের। দুপক্ষকেই পাইপ, রডের মতো দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।’ 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। পরে তারা ক্যাম্পাসে সংঘর্ষে লিপ্ত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলের গেট তালাবদ্ধ। সামনে দাঁড়িয়ে আছেন অনেক শিক্ষার্থী। 

মাদ্রাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হলের আবাসিক ছাত্র মুজাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই হল ছাত্রশিবিরের দখলে, যা নিয়ে মাদ্রাসা ছাত্রদলের মধ্যে ক্ষোভ ছিল।’ 

‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মারপিটের ঘটনার পর দুপুর ২টার দিকে মাদ্রাসা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে শিবির। যার প্রতিবাদে ছাত্রদল জড়ো হয়। এরপর স্থানীয় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসে। পরে মারধর ও ধাওয়া দিয়ে শিবিরকর্মীদের ক্যাম্পাস ছাড়া করা হয়,’ বলেন তিনি।

রাত সোয়া ৮টার দিকে এসি মাহফুজার রহমান জানান, শিবিরকর্মীদের আর রাস্তায় দেখা যাচ্ছে না। ছাত্রদলের কর্মীদের অনেকেই এখনো রাস্তায় অবস্থান করছেন।

নোট: সবশেষ তথ্য যুক্ত করে রাত ৮টা ৪০ মিনিটে প্রতিবেদনটি আপডেট করা হয়েছে।

Most Popular