Monday, August 17, 2026
Homeবাংলাদেশঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন অনলাইনে শুরু হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যক্রম অনুযায়ী পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ রোববার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় পর্যায়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত অংশে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আর আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের ২৮ মার্চ শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Most Popular