Thursday, May 14, 2026
Homeবিদেশতামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, শপথ নেবেন কাল

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, শপথ নেবেন কাল

ভারতের তামিলনাড়ু রাজ্যে ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হলেন রুপালি পর্দার জনপ্রিয় নায়ক সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

আগামীকাল রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দ্য হিন্দু জানিয়েছে।

রাজ্যের ২৩৪ সদস্যের বিধানসভায় বর্তমানে ১২০ নবনির্বাচিত বিধায়কের সমর্থন বিজয়ের পক্ষে।

রাজ্যটিতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এককভাবে তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ১০৮ আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

কোনো দল এককভাবে ১১৮ আসন না পাওয়ায় ভোটের ফল প্রকাশের পর থেকে সেখানে রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল।

আজ সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিতের পর চেন্নাইয়ের লোকভবনে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়।

আগামীকাল বিজয়ের সঙ্গে আরও নয়জন মন্ত্রীরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের কঠিন পরীক্ষা বিজয়ের এই অভাবনীয় জয়ে তার হাজারো ভক্ত উন্মাদনায় ভাসছেন। কেউ কেউ তার মুখের ছবি বুকে ট্যাটু করে উল্লাস করছেন।

কিন্তু জনগণের এই আবেগের উল্টোদিকে যে গাণিতিক ও বাস্তবতার কঠিন হিসাব, তা বিজয়ের কাছে একদমই নতুন। তিনি আগে কখনো সরকারি বা প্রশাসনিক পদে ছিলেন না। আর তামিলনাড়ুর মতো ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটি রাজ্য চালানো এমন সহজ কাজ নয়, যা করতে করতে শেখা যাবে।

শুধু তাই নয়, তার নতুন সরকার এমন একটি রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে যার ঘাড়ে বিপুল ঋণের বোঝা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দশ বছরে তামিলনাড়ুর ঋণ ২ দশমিক ৮ লাখ কোটি রুপি থেকে বেড়ে ১০ দশমিক ৬ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

টিভিকে তাদের ইশতেহারে তামিলনাড়ুর অর্থনৈতিক স্বনির্ভরতা আনার প্রতিশ্রুতি দিয়েছে। রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের জননেতা হওয়ার পথে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিজয়কে প্রমাণ করতে হবে তিনি আসলে কেমন নেতা হতে যাচ্ছেন।

Most Popular