Sunday, August 16, 2026
Homeবাংলাদেশ২ মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন

২ মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার পুলিশ তাকে আদালতে হাজির করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ পৃথক দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, আদালত একটি হত্যা মামলায় ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

একইসঙ্গে ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র মামলায় ইমন ও তার চার সহযোগীকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, হাটহাজারী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় অন্য একটি আদালত ইমনকে গ্রেপ্তার দেখিয়েছেন।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই যশোর সীমান্ত দিয়ে ঝিকরগাছা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রামে বড় সাজ্জাদ বাহিনীর অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণকারী দুই ব্যক্তির একজন হলেন এই ইমন।

ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে ইমনের বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ড এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের অফিস ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর বড় সাজ্জাদ বাহিনীর কার্যক্রম পরিচালনা শুরু করেন ইমন ও রায়হান আলম। রায়হানের বিরুদ্ধেও হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ অন্তত আটটি মামলা রয়েছে।

Most Popular