Monday, August 17, 2026
Homeবাংলাদেশঢাকা-কক্সবাজার রুটে আগস্টেই নতুন একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে: রেলপথ প্রতিমন্ত্রী

ঢাকা-কক্সবাজার রুটে আগস্টেই নতুন একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে: রেলপথ প্রতিমন্ত্রী

চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

একইসঙ্গে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ শনিবার সকালে কক্সবাজার রেলস্টেশন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

রেলপথ প্রতিমন্ত্রী জানান, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে।

‘নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে,’ বলেন তিনি।

হাবিবুর রশিদ আরও বলেন, ‘কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Most Popular