Tuesday, July 28, 2026
Homeখেলামিলানের পুরনো গৌরব ফেরানোর মিশনে আমোরি

মিলানের পুরনো গৌরব ফেরানোর মিশনে আমোরি

একসময় ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ভয়ংকর নামগুলোর একটি ছিল এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তাদের রাজত্ব ছিল ঈর্ষণীয়। কিন্তু সময়ের সঙ্গে সেই গৌরব ম্লান হয়েছে। কয়েক মৌসুম ধরে শিরোপার লড়াইয়ে ধারাবাহিকতা হারানো ক্লাবটি এবার নতুন স্বপ্ন বুনছে রুবেন আমোরিকে ঘিরে। পর্তুগিজ এই কোচের লক্ষ্য স্পষ্ট, পুরনো সেই ভয়ংকর মিলানকে আবার ফিরিয়ে আনা।

অস্ট্রেলিয়ার পার্থে প্রাক-মৌসুম সফরে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে আমোরি জানিয়ে দিয়েছেন, তিনি শুধু একটি দল পরিচালনা করতে আসেননি; এসেছেন একটি নতুন অধ্যায় লিখতে।

‘আমরা কিছু ঝুঁকি নেব। নির্দিষ্ট কিছু তরুণ খেলোয়াড়কে সামনে রেখে দল পুনর্গঠন করতে চাই। এটি আমার জন্যও ঝুঁকির হতে পারে। কিন্তু নতুন কিছু গড়ে তোলার চ্যালেঞ্জই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে,’ বলেন মিলানের নতুন কোচ।

আমোরির মতে, একটি বড় ক্লাবকে শুধু নতুন খেলোয়াড় কিনে সফল করা যায় না। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সাহসী সিদ্ধান্ত এবং এমন একটি দল, যেখানে প্রতিভা ও অভিজ্ঞতার সঠিক সমন্বয় থাকবে।

তিনি বলেন, ‘আমাকে এখানে আনা হয়েছে একটি নির্দিষ্ট কারণে। তারা আমার ফুটবল দর্শনে বিশ্বাস করেছে। আমি এমন দল নিয়েই কাজ করতে ভালোবাসি, যারা কঠিন সময় পার করছে। কারণ আমি বিশ্বাস করি, সেখান থেকেই নতুন ইতিহাস লেখা সম্ভব। আমরা আবার নতুন কিছু গড়ে তুলতে চাই।’

নতুন মৌসুমে তার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে তরুণ ফুটবলাররা। তবে তাদের বিকাশের জন্য অভিজ্ঞদের উপস্থিতিকেও সমান গুরুত্বপূর্ণ মনে করেন এই পর্তুগিজ কোচ। সেই কারণেই ৪০ বছর বয়সী লুকা মদ্রিচকে দলে ধরে রাখাকে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।

‘আমাদের সঙ্গে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের পাশে অভিজ্ঞদের থাকা খুবই জরুরি। কখনও কখনও আপনি কত দ্রুত দৌড়াতে পারেন, সেটি গুরুত্বপূর্ণ নয়; কত দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটিই আসল। মদ্রিচ এই জায়গায় অসাধারণ। সে শুধু খেলবে না, তরুণদের পথও দেখাবে,’ বলেন আমোরি।

রাফায়েল লেয়াওকে ঘিরে চলা ট্রান্সফার গুঞ্জন নিয়েও দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লেয়াও এখনও মিলানেরই খেলোয়াড় এবং পরিস্থিতি বদল না হওয়া পর্যন্ত তাকে ঘিরে অন্য কোনো আলোচনা অর্থহীন।

‘আমার কাছে দলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই অনুশীলন করবে, সবাই একাদশে জায়গার জন্য লড়াই করবে। নিয়ম সবার জন্য একই,’ বলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর কেন মিলানের দায়িত্ব নিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে আমোরিম বলেন, এই ক্লাবের পুনর্জাগরণের স্বপ্নই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তার বিশ্বাস, অতীতের সাফল্যের পাশাপাশি ব্যর্থতার অভিজ্ঞতাও তাকে এই চ্যালেঞ্জের জন্য আরও প্রস্তুত করেছে।
 

Most Popular