Monday, July 27, 2026
Homeবাংলাদেশ২৬ ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৬ ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৬টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ সোমবার জনস্বার্থে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন। যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

রিট আবেদনের সঙ্গে তিনি দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘দেশের বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতে “ক্ষতিকর” মাইক্রোপ্লাস্টিক, যা বলছে গবেষণা’ শিরোনামের একটি প্রতিবেদন সংযুক্ত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, নতুন এক গবেষণা অনুযায়ী, ‘বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল ২০ থেকে ৩২০টি পর্যন্ত। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।’

রিট আবেদনে স্বাস্থ্য, পরিবেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট মামুন দ্য ডেইলি স্টারকে জানান, রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার শুনানি হতে পারে।

Most Popular