Saturday, July 25, 2026
Homeবিদেশ‘ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই’, সংলাপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

‘ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই’, সংলাপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সরকারি গণমাধ্যম ইরান ডেইলি পত্রিকায় আজ শনিবার প্রকাশিত আরাঘচির এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইয়েমেন, বাব আল-মান্দেব এবং এ অঞ্চলের অন্যান্য সংকটের কোনো সামরিক সমাধান নেই।’

আরাঘচি দাবি করেন, ইয়েমেনের বর্তমান পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করা যায় না।

তার ভাষ্য, বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর মূল কারণ ইয়েমেন, সৌদি আরব এবং এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও অমীমাংসিত ইস্যু।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাত অনেকটাই স্থবির ছিল। তবে চলতি মাসে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেয় এবং তেলবাহী জাহাজে হামলার দাবি করে।

এই অবরোধের ফলে বিশ্ববাজারে সৌদি আরবের জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করায় সৌদি আরবের বিকল্প সামুদ্রিক পথ কার্যত বাব আল-মান্দেবেই সীমিত হয়ে পড়েছে।

তবে শুক্রবার হুতিদের এক মুখপাত্র দাবি করেন, তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করেনি। তাদের সামুদ্রিক অবরোধ ‘শুধু সৌদি আরবের স্বার্থকেই লক্ষ্য করে’ পরিচালিত হচ্ছে।
 

Most Popular